বাড়ছে অনিশ্চয়তা
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল
- সর্বশেষ আপডেট ১২:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 18
সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল করা হয়েছে। চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন কারণে এসব ভিসা বাতিলের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। হঠাৎ ভিসা বাতিল হওয়ায় অনেক বাংলাদেশি প্রবাসী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
প্রতিমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাত অভ্যন্তরীণ নিরাপত্তার কারণ দেখিয়ে এসব ভিসা বাতিল করছে। তবে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে দেশটির সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।
নুরুল হক নুর বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি জানতে পেরেছেন, ভিসা বাতিলের সংখ্যা বর্তমানে ৪ হাজার ৮০০-তে পৌঁছেছে। দ্বিপক্ষীয় সম্পর্কের জায়গা থেকে বাংলাদেশ প্রথমে জানতে চেয়েছে, কী কারণে এসব ভিসা বাতিল করা হচ্ছে। একই সঙ্গে বাতিল হওয়া ভিসাগুলো পুনরায় যাচাই-বাছাই করার অনুরোধও জানানো হয়েছে।
ভুক্তভোগী প্রবাসীরা জানান, জুলাই থেকে অনেকের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। কারও ই-মেইলে, কারও মোবাইলে আবার সংশ্লিষ্ট কফিলের কাছে এ বিষয়ে বার্তা যাচ্ছে। অনেকে ছুটিতে দেশে এসে ভিসা বাতিলের খবর পাওয়ায় আর আমিরাতে ফিরতে পারছেন না।
এক প্রবাসী জানান, তার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারিসংক্রান্ত অভিযোগ নেই। আমিরাতে ব্যবসা ও পরিবার রয়েছে তার। কিন্তু হঠাৎ ভিসা বাতিল হওয়ায় দেশে ফিরে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আমিরাতে ফিরতে না পারলে ব্যবসা ও জীবিকা হারানোর আশঙ্কা করছেন তিনি।
এ ঘটনায় বাংলাদেশিদের জন্য আমিরাতের শ্রমবাজার নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সংকট নিরসনে সরকারের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।
সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী মনে করেন, এ পরিস্থিতির সঙ্গে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতিরও যোগসূত্র থাকতে পারে। আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের যোগাযোগ ও অভিজ্ঞতাকেও কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
এদিকে স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের বিস্তারিত তথ্য আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত ই-মেইলে জানানোর আহ্বান জানানো হয়েছে।


































