নারীদের ওপর নির্যাতনকারীরা কাপুরুষ: রিজভী
- সর্বশেষ আপডেট ০২:৪৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 10
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনকারীরা কাপুরুষ। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বাঁধনের ওপর হামলার অভিযোগকে তিনি ‘ঘৃণ্য অপরাধ’ হিসেবে উল্লেখ করেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সক্রিয় নারী নেতাকর্মীদের অনেকেই বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। নানা প্রতিকূলতা ও সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে দলকে সুসংগঠিত রেখেছেন এবং নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
দেশের চলমান অর্থনৈতিক ও জ্বালানি পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, তেল ও গ্যাস সরবরাহে সাময়িক জটিলতা তৈরি হওয়া বৈশ্বিক সংকটেরই অংশ। পরিস্থিতি মোকাবিলায় গ্যাস আমদানিসহ বিভিন্ন কৌশল নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাবে দেশের সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ তৈরি হলেও তা মোকাবিলায় সরকার বিকল্প পদক্ষেপ নিচ্ছে। জনগণের দুর্ভোগ কমানো এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএনপি সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি।
গণপরিবহন পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহনীয় পর্যায়ে রাখতে সরকার কার্যকর ভূমিকা রাখছে বলেও জানান রিজভী।
নারীর ক্ষমতায়ন ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার তা বিয়ে বা স্নাতক পর্যন্ত অবৈতনিক করার চিন্তাভাবনা করছে।
এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের সুযোগ নারীদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























