প্রতিবন্ধী নারীর সেবা নিশ্চিতে সংস্কারের তাগিদ

- সর্বশেষ আপডেট ০২:২৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 159
প্রতিবন্ধী নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত এবং অন্তর্ভুক্তিমূলক সেবা প্রাপ্তির সুযোগ বাড়াতে কাঠামোগত সংস্কার ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, আইন ও নীতিমালা থাকলেও বাস্তব প্রয়োগে ঘাটতি থাকায় প্রতিবন্ধী নারীরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যাতায়াত ও অন্যান্য ক্ষেত্রে নানা বৈষম্যের শিকার হচ্ছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর ডেইলি স্টারের আজিমুর রহমান কনফারেন্স হলে প্রতিবন্ধী নারী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ‘প্রতিবন্ধী নারী ও কন্যার অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সেবা প্রাপ্তি সংক্রান্ত’ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটি (এফজেএস) ও ডিজাবিলিটি রাইটস ফান্ড (ডিআরএফ) কর্মশালায় সহযোগিতা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন স্থপতি ও পরিবেশবিদ ইকবাল হাবিব, সাইটসেভার্সের পরিচালক অমৃতা রিজিনা রোজারি, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক সাবিনা নাসরিন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।
স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী নারী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি। প্রতিবন্ধী নারীদের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সেবা প্রাপ্তি বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার কর্মসূচি সহ-সমন্বয়কারী শারমিন আক্তার দোলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি শিরীন আক্তার।
ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ পর্যন্ত যেসব কাজ হয়েছে, তা যথেষ্ট নয়। সরকারের জবাবদিহিতার জায়গা থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রত্যাশিত পরিবর্তন এখনো আসেনি উল্লেখ করে তিনি বলেন, কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, তবে আরও অনেক কাজ বাকি।
তিনি জানান, চলতি মাসে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে গণপূর্তসহ আটটি মন্ত্রণালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করার বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। ২০১৩ সালে আইন হওয়ার পরও এ বিষয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়াকে গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতেও প্রবেশগম্যতা নিশ্চিত করতে কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।
স্থপতি ইকবাল হাবিবের প্রস্তাবের কথা উল্লেখ করে সমাজকল্যাণ সচিব বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব আর্কিটেক্টস ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাছে এ বিষয়ে চিঠি দেওয়া হবে। প্রতিবন্ধিতা ইস্যুতে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় আরও জোরদার করা এবং প্রতিবন্ধী নারী-পুরুষের ক্ষমতায়নে বহুমাত্রিক উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
রেলস্টেশনসহ বিভিন্ন গণপরিবহন এখনো পুরোপুরি প্রতিবন্ধীবান্ধব হয়ে ওঠেনি উল্লেখ করে তিনি বলেন, সামাজিক সচেতনতার অভাব, ট্যাবু ও কুসংস্কারও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির পথে বড় বাধা।
প্রতিবন্ধী শিশুদের স্কুলে ভর্তির ক্ষেত্রে এখনো অনেক প্রতিষ্ঠান অনীহা দেখায় উল্লেখ করে ড. আবু ইউসুফ বলেন, শুধু আইন করলেই সমস্যার সমাধান হচ্ছে না। আইন ও এর বাস্তবায়নের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ তৈরি করাও জরুরি।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি বলেন, প্রতিবন্ধী নারী ও কন্যাশিশুর বিষয়টি এখনো সামগ্রিকভাবে বিবেচনা করা হয় না। রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলোকে এমনভাবে পরিকল্পনা করতে হবে, যাতে তা প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য কার্যকর হয়।
তিনি বলেন, প্রতিবন্ধীবান্ধব পরিবেশ শুধু প্রতিবন্ধী ব্যক্তিরাই ব্যবহার করেন না; বয়স্ক, অসুস্থ, গর্ভবতী নারী, শিশু এবং অদৃশ্য প্রতিবন্ধিতা থাকা ব্যক্তিরাও এর সুবিধা পান। তাই প্রতিবন্ধীবান্ধব পরিবেশ নিশ্চিত করা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং একটি কাঠামোগত ও টেকসই ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে হবে।
শারমিন আক্তার দোলন তার উপস্থাপনায় সরকারের কাছে ১৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে আইন সংস্কার ও বাস্তবায়ন জোরদার, প্রতিবন্ধী নারীর সঠিক সংখ্যা নিরূপণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ, অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা, জেন্ডার ও প্রতিবন্ধিতা-সংবেদনশীল বাজেট এবং নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা।
এ ছাড়া কুসংস্কার ও নেতিবাচক মনোভাব দূর করতে সচেতনতা বৃদ্ধি, জেন্ডার ও প্রতিবন্ধিতাভিত্তিক বিভাজিত তথ্য সংগ্রহ, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা, রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো, ক্রীড়া ও বিনোদনে সুযোগ সৃষ্টি, প্রবেশগম্যতা উন্নয়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং বিভিন্ন সেবায় প্রতিবন্ধী নারীদের অন্তর্ভুক্তির অগ্রগতি পর্যবেক্ষণে কার্যকর মনিটরিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।
শারমিন আক্তার দোলন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ বা ‘ঈশ্বর প্রদত্ত’ ধরনের শব্দে অভিহিত করা তাদের অধিকার ও মর্যাদার ধারণাকে ক্ষতিগ্রস্ত করে। প্রতিবন্ধী নারী ও কন্যাশিশুদের প্রতি বৈষম্য দূরীকরণ ও ক্ষমতায়নের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, সমতা মানে সবাইকে একই সুবিধা দেওয়া নয়; বরং যার যে ধরনের বাধা রয়েছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা। প্রতিবন্ধী নারীদের বাদ রেখে বৈষম্য দূর করা সম্ভব নয়।
দূরপাল্লার যাতায়াতের ক্ষেত্রেও প্রতিবন্ধী ব্যক্তিদের নানা সমস্যার কথা তুলে ধরেন তিনি। অনলাইনে বাস বা অন্যান্য পরিবহনের টিকিট কাটার সময় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত ছাড়ের তথ্য অনেক ক্ষেত্রে উল্লেখ থাকে না। ফলে ছাড় পেতে তাদের শারীরিকভাবে উপস্থিত হয়ে টিকিট কাটতে হয়। এতে আইন ও নীতিমালায় অধিকার ও সুযোগ থাকার পরও বাস্তবে তার সুফল পাওয়া কঠিন হয়ে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।
প্যানেল আলোচনায় অংশ নেন এক্সেস বাংলাদেশের চেয়ারপারসন মহুয়া পাল, এটুআইয়ের ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি বিশেষজ্ঞ ভাস্কর ভট্টাচার্য, ইউএন উইমেনের প্রতিবন্ধিতা ইনক্লুশন অফিসার নাজমারা বেগম পপি, সিডিডির সহকারী পরিচালক অনিকা রহমান লিপি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আয়েশা আক্তারসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।































