সাকিবের দেশে ফেরা নিয়ে ‘না’ ক্রীড়া প্রতিমন্ত্রীর
- সর্বশেষ আপডেট ০৮:৫২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 108
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।
শুক্রবার (৭ আগস্ট) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
সম্প্রতি শেখ হাসিনার অংশগ্রহণে অনুষ্ঠিত একটি অনলাইন সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন সাকিব আল হাসান। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, শিগগির দেশে ফেরা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরে দেশে ফেরার চেষ্টা করবেন। এরপর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
এ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “তার (সাকিবের) দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।”
তিনি বলেন, একজন ক্রিকেটার হিসেবে সাকিব যে অবস্থানে ছিলেন, পরে তিনি রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন। সেই কারণে দেশে ফিরে এলেও তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
আমিনুল হক আরও বলেন, একজন খেলোয়াড় হিসেবে সাকিবের বিষয়ে সরকার ও সংশ্লিষ্টরা এতদিন সহনশীল অবস্থান নিয়েছিলেন। তবে সাম্প্রতিক কর্মকাণ্ডের পর তার জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলেই তিনি মনে করেন।
প্রতিমন্ত্রীর ভাষ্য, “তিনি স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সঙ্গে দাঁড়িয়েছেন। তাই তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।”
তবে এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আমিনুল হক ভিন্ন অবস্থানের কথা জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হলে তারা আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরতে পারবেন; এমন প্রত্যাশা ছিল সরকারের। সে সময় বিষয়টি মানবিক ও সহনশীলভাবে বিবেচনার কথাও জানিয়েছিলেন তিনি।






























