হাসপাতালে ভর্তি
অগ্নিকাণ্ডে আহত পাকিস্তান হাইকমিশনার দম্পতি

- সর্বশেষ আপডেট ০৯:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 214
বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইমরান হায়দার ও তার স্ত্রীকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে স্থানান্তর করা হয়।
প্রাথমিক তথ্যে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক ডা. আমিনা সুলতানার তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। বর্তমানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
































