আহ্সান উল্লাহ্ মাস্টার হত্যা: আপিল শুনানি মুলতবি

- সর্বশেষ আপডেট ১২:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 99
আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক নেতা ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আহ্সান উল্লাহ্ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে। শুনানি শেষে আগামী ১১ আগস্ট পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছেন আপিল বিভাগ।
রোববার (২ আগস্ট) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঁইয়া। তিনি জানান, এদিন আসামিপক্ষ পেপারবুক উপস্থাপন করেছে। এরপর আদালত পরবর্তী শুনানির জন্য ১১ আগস্ট দিন ধার্য করেন।
আহ্সান উল্লাহ্ মাস্টার ছিলেন মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শ্রমিকনেতা। তিনি ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে একটি জনসভায় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার রায় ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঘোষণা করে। রায়ে বিএনপির নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মৃত্যু হলে মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টে আসে।
পরবর্তীতে আসামিদের আপিলের শুনানি শেষে ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট ছয়জনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে সাতজনের সাজা কমানো হয় এবং ১১ জনকে খালাস দেওয়া হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধেই দণ্ডিত আসামিরা আপিল করেন, যার শুনানি বর্তমানে আপিল বিভাগে চলছে।































