‘আ. লীগের রাজনীতি দিল্লিতেই শেষ হয়ে গেছে’ : রাশেদ খান
- সর্বশেষ আপডেট ০৪:২৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 22
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, গণ-অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনৈতিক ভবিষ্যৎ কার্যত শেষ হয়ে গেছে। তার ভাষায়, “আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতেই দাফন হয়েছে।”
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের ও জেলার বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, শেখ হাসিনা যদি দেশ ছেড়ে না যেতেন, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। কিন্তু তিনি দেশত্যাগ করায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ভেঙে গেছে এবং দলটি ভবিষ্যতে দেশের রাজনীতিতে ফিরতে পারবে বলে তিনি মনে করেন না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতের রাজনীতি নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও এনসিপি বাস্তবে ভিন্ন ধরনের রাজনীতি করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দলটির কর্মকাণ্ডে জামায়াতের প্রভাব রয়েছে।
রাশেদ খান এনসিপির উদ্দেশে বলেন, গঠনমূলক ও দায়িত্বশীল রাজনীতি করা উচিত। তিনি আরও বলেন, কিছু এনসিপি নেতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি করছেন, যা রাজনৈতিক পরিবেশের জন্য অনাকাঙ্ক্ষিত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তারেক রহমান বারবার সহনশীলতা, ঐক্য এবং সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে আসছেন।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গে রাশেদ খান বলেন, অভ্যুত্থানের মুখে দেশত্যাগ করার কারণে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। তার মতে, এ কারণেই দলটির রাজনীতি কার্যত শেষ হয়ে গেছে।
সভায় তিনি জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।


































