ছয় মাসে নির্যাতনের শিকার ১,৭১৯ নারী ও শিশু : মহিলা পরিষদ

- সর্বশেষ আপডেট ০৬:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 311
দেশে ছয় মাসে ১ হাজার ৭১৯ জন নারী-কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন।
বুধবার (২৮ জুন) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মহিলা পরিষদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেছে। সমীক্ষায় দেখা যায়, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা একটি গভীর জাতীয় সংকটে পরিণত হয়েছে। ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, যৌন হয়রানি, হত্যা, আত্মহত্যা, যৌতুক এবং বাল্যবিবাহসহ বিভিন্ন ধরনের সহিংসতার উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
মহিলা পরিষদের পক্ষে সমীক্ষা বিষয়ক তথ্য উপস্থাপন করেন সিনিয়র প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান। তিনি বলেন, মহিলা পরিষদে সংরক্ষিত ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার ঘটনার ওপর ভিত্তি করে সমীক্ষা পরিচালনা করা হয়েছে।
সমীক্ষায় জানা যায়, কন্যাশিশুরা দলবদ্ধ ধর্ষণ (১৪২), আত্মহত্যা (২০৩) এবং ধর্ষণের চেষ্টার (১১৭) ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে প্রাপ্তবয়স্ক নারীরা হত্যার (৭৫৬), ধর্ষণের (৩৭৬) এবং যৌন হয়রানির (১২৫) ঘটনায় সর্বোচ্চ সংখ্যায় আক্রান্ত হয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণ নির্দেশ করে যে, শৈশবে যৌন সহিংসতার ঝুঁকি বেশি থাকলেও বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হত্যাকান্ড ও আত্মহত্যার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। পেশাভিত্তিক বিশ্লেষণে গৃহিণীদের হত্যার (৫৮%), আত্মহত্যার (৬৩%) এবং যৌতুক-সংক্রান্ত সহিংসতার (৯৪%) প্রধান শিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। একইভাবে শিক্ষার্থী কন্যাশিশুরা ধর্ষণের চেষ্টা (৮০%), আত্মহত্যা (৬৭%), দলবদ্ধ ধর্ষণ (৩৯%) এবং বাল্যবিবাহের (১০০%) ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে।
সমীক্ষা আরও দেখানো হয়, গৃহ ও শিক্ষা প্রতিষ্ঠান উভয় স্থানই নারী ও কন্যাশিশুর জন্য অনিরাপদ হয়ে উঠেছে, যা তাদের নিরাপত্তা সংকটকে আরও তীব্র করেছে। সমীক্ষায় আরও উল্লেখ করা হয় বিচারহীনতার সংস্কৃতি, প্রভাবশালীদের হস্তক্ষেপ, তদন্তে বিলম্ব, সাক্ষী ও প্রমাণের দুর্বলতা এবং সামাজিকভাবে ভুক্তভোগীকেই দোষারোপ করার প্রবণতা অপরাধীদের দায়মুক্তিকে উৎসাহিত করছে। বাংলাদেশ মহিলা পরিষদ এর পক্ষ থেকে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রয়োগ, দ্রুত বিচার, জবাবদিহি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মডারেটরের বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, সমীক্ষার পর্যবেক্ষণ আমাদের সামনে অত্যন্ত উদ্বেগজনক বাস্তবতা তুলে ধরেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সহিংসতার শিকার হওয়ার ক্ষেত্রে নারীর কোনো নির্দিষ্ট বয়স নেই। ছয় বছরের শিশু থেকে শুরু করে ষাটোর্ধ্ব গৃহিণী পর্যন্ত জীবনের প্রতিটি পর্যায়ে নারী সহিংসতার ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে ধর্ষণের ঘটনায় ছয় থেকে নয় বছর বয়সী শিশুকন্যার সংখ্যা সবচেয়ে বেশি হওয়া আমাদের সমাজের জন্য গভীর উদ্বেগের বার্তা দেয়।
কন্যাশিশুদের এই বয়স প্রমাণ করে , ধর্ষণের জন্য কখনোই ভুক্তভোগী দায়ী নয়; দায়ী অপরাধী এবং সেই সামাজিক মানসিকতা, যা অপরাধকে প্রশ্রয় দেয়।আরেকটি উদ্বেগজনক বিষয় হলো, ধর্ষণের পাশাপাশি হত্যার ঘটনাও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আজ নারী শুধু যৌন সহিংসতার শিকার হচ্ছেন না, তার জীবনও ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। এটি কেবল নারীর সংকট নয়; এটি সমগ্র সমাজের নিরাপত্তা ও মানবিকতার সংকটকে তুলে ধরে।
তিনি এসময় গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন এই ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম কে শুধু ঘটনা প্রকাশ করে নয়, বরং সেই ঘটনাগুলোর সামাজিক ও কাঠামোগত কারণও তুলে ধরার আহ্বান জানান। অন্যদিকে সহিংসতার ঘটনার পর প্রায়ই ভুক্তভোগীর পরিচয়, জীবন ও পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়; কিন্তু অপরাধী সম্পর্কে খুব কমই জানানো হয়। এই প্রেক্ষাপটে ভুক্তভোগীর প্রতি সংবেদনশীলতা বজায় রাখার পাশাপাশি অপরাধীকেও দৃশ্যমান করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন ধর্ষণ, হত্যা বা এ ধরনের সহিংসতা ফৌজদারি অপরাধ। কিন্তু প্রায়ই এসব অপরাধের ক্ষেত্রে স্থানীয় সালিশের মাধ্যমে আপস করার চেষ্টা দেখা যায়। এটি শুধু অন্যায় নয়, আইনগতভাবে ও গ্রহণযোগ্য নয়। ফৌজদারি অপরাধের বিচার আদালতেই হতে হবে; সালিশের মাধ্যমে এর নিষ্পত্তি করার চেষ্টা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং অপরাধীদের দায়মুক্তি নিশ্চিত করে। আজকের এই সমীক্ষা কেবল তথ্য উপস্থাপন করেনি; এটি সকলের সামনে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও তুলে ধরেছে।
নারী নির্যাতনের বিষয়টি কেবল নারীর সমস্যা নয়; এটি সমাজের সামগ্রিক নিরাপত্তা, ন্যায়বিচার এবং মানবাধিকারের প্রশ্ন। যখন নারীর ওপর সহিংসতা বৃদ্ধি পায়, তখন আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত পুরো সমাজই তার ক্ষতি বহন করে। তাই নারী নির্যাতনের প্রতিটি ঘটনাকে সামাজিক ন্যায় বিচারের প্রশ্ন হিসেবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধের আন্দোলনকে আরও শক্তিশালী করতে ও সমাজকে নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মানবিক করে তুলতে গণমাধ্যম, নাগরিক সমাজ এবং নারী আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপরেও গুরুত্বারোপ করেন।





































