ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন
- সর্বশেষ আপডেট ০৭:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 69
ডেঙ্গু প্রতিরোধে নতুন আশার খবর পেল ভারত। দেশটির প্রথম ডেঙ্গু টিকা ‘কিউডেঙ্গা’ বাজারজাতের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।
জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি এই টিকার মাধ্যমে ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী কোনো টিকা ব্যবহারের আইনি অনুমোদন পেল।
অনুমোদন অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা এই টিকা নিতে পারবেন। ডেঙ্গুর চারটি ধরন বা সেরোটাইপের বিরুদ্ধেই প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম এই টিকা তিন মাসের ব্যবধানে দুই ডোজে দেওয়া হবে।
তবে ভারতে কিউডেঙ্গার বাজারমূল্য এখনো ঘোষণা করেনি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। টিকার সরবরাহ, মূল্য নির্ধারণ ও সাধারণ মানুষের কাছে এর প্রাপ্যতা নিশ্চিত করতে পরবর্তী সময়ে আরও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ বর্তমানে ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক ১০ কোটি থেকে ৪০ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে ভারতে ডেঙ্গু সংক্রমণের হার উল্লেখযোগ্য। দেশটি বিশ্বের সবচেয়ে ডেঙ্গুপ্রবণ ৩০টি দেশের একটি।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, অনিয়ন্ত্রিত নগরায়ণ এবং এডিস মশার বিস্তারের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ফলে টিকার অনুমোদন ডেঙ্গু নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও এর কার্যকারিতা নিশ্চিত করতে টিকাদানের পাশাপাশি মশা নিয়ন্ত্রণ ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া প্রয়োজন।



































