বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি
- সর্বশেষ আপডেট ০২:১৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / 27
স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক এবার ব্যক্তিগত স্বীকৃতিও পেলেন। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতানোর পথে নেতৃত্ব দেওয়ার পুরস্কার হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন অধিনায়ক রদ্রি।
ফাইনালের পর বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি হাতে নিয়ে আবেগাপ্লুত এই স্প্যানিশ মিডফিল্ডার বলেন, “এখনও মনে হচ্ছে আমরা স্বপ্ন দেখছি। কী হয়েছে, তা ভাষায় প্রকাশ করতে পারছি না।”
৩০ বছর বয়সী ম্যানচেস্টার সিটি তারকা রদ্রির জন্য এটি ছিল অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। ২০২৪ সালের সেপ্টেম্বরে আর্সেনালের বিপক্ষে ম্যাচে হাঁটুর গুরুতর এসিএল ইনজুরিতে পড়েছিলেন তিনি। দীর্ঘ পুনর্বাসনের পর ২০২৫ সালের মে মাসে মাঠে ফেরেন। আর এক বছরের মধ্যেই বিশ্বকাপ জিতে হয়ে গেলেন টুর্নামেন্টের সেরা ফুটবলার।
নিজের কঠিন সময়ের কথা স্মরণ করে রদ্রি বলেন, “সময়টা ছিল খুব কঠিন। আমি চাই নতুন প্রজন্ম শিখুক- জীবনে পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানো যায়। এটাই আমার বিশ্বাস।”
বিশ্বকাপ ফাইনালের আগে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে দেওয়া নিজের বার্তাও প্রকাশ করেছেন স্পেন অধিনায়ক।
রদ্রির ভাষায়, “আমি সবাইকে বলেছিলাম- আমরা জয়ের জন্য খেলব। প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়তে হবে। এরপর বিশ্বকাপ আমাদের হবে কি হবে না, সেটা পরে দেখা যাবে। আগে সাহস দেখাতে হবে।”
স্পেন সেই সাহসই দেখিয়েছে। পুরো ম্যাচে আর্জেন্টিনাকে চাপে রেখে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে জয় তুলে নেয় লা রোহা। আর সেই জয়ের অন্যতম স্থপতি হিসেবে বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার নিজের করে নিলেন রদ্রি।
২০২৪ সালে ব্যালন ডি’অর জয়ের পর এবার বিশ্বকাপের গোল্ডেন বল- এক মৌসুমে ফুটবলের দুই সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান জিতে রদ্রি আরও একবার প্রমাণ করলেন, বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন তিনিই।
































