জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন!

- সর্বশেষ আপডেট ০৪:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / 152
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ভোররাতের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে ‘আল-সাদিক হৃদয়’ নামের একটি ফেসবুক আইডি থেকে ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি জ্বলন্ত কাপড় স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে মারছেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে আগুন জ্বলতে দেখা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ফেসবুক আইডির মালিক আল-সাদিক হৃদয় বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে পড়াশোনা শেষ করে প্রায় চার মাস আগে স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় যান। বিশ্ববিদ্যালয়জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি। এছাড়া নিজ এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মসূচিতেও সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, স্মৃতিস্তম্ভের পাশে পোড়া কাপড় ও ছাই পড়ে রয়েছে। তবে মূল স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন পাওয়া যায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে ছুটে যান বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী ও পুলিশ সদস্যরা। পুরো এলাকা ঘিরে শুরু হয় তদন্ত।
জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি এমন হামলা অত্যন্ত নিন্দনীয়। এর আগে এমন ঘটনার আশঙ্কার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রশক্তি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, “তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।”





























