আদালতে ঝুলছে ৪৬ লাখের বেশি মামলা

- সর্বশেষ আপডেট ০৮:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 80
দেশের আদালতগুলোতে বর্তমানে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (৭ জুলাই) সংসদে যশোর-৪ আসনের বিরোধী দলের সদস্য মো. গোলাম রছুলের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, বিচার কার্যক্রম দ্রুত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিচার ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে ৫৩৬টি বিচারকের পদ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি ১৫০ জন সিভিল জজ নিয়োগ এবং সহায়ক কর্মচারী নিয়োগের কার্যক্রম চলছে।
তিনি জানান, সম্প্রতি ৬৫০টি সিভিল জজ ও সিনিয়র সিভিল জজ আদালত, ৪০৬টি যুগ্ম জেলা জজ আদালত এবং ২০৪টি অতিরিক্ত জেলা জজ আদালত প্রতিষ্ঠা করা হয়েছে। এসব আদালতের জন্য নতুন বিচারকের পদ সৃষ্টির বিষয়টিও বিবেচনায় রয়েছে।
মন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বর্তমানে মোট ৫ লাখ ৬১ হাজার ৪৪টি মামলা বিচারাধীন। এর মধ্যে আপিল বিভাগে ৩৮ হাজার ৭১৩টি এবং হাইকোর্ট বিভাগে ৫ লাখ ২২ হাজার ৩৩১টি মামলা রয়েছে। ২০২৫ সালে সুপ্রিম কোর্টে মোট ৬৩ হাজার ৩০৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।
এ ছাড়া গত ৩১ মার্চ পর্যন্ত দেশের অধস্তন আদালতগুলোতে ৪০ লাখ ৭৮ হাজার ৪৩২টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে দেওয়ানি মামলা ১৬ লাখ ৯০ হাজার ৪৪৩টি এবং ফৌজদারি মামলা ২৩ লাখ ৮৭ হাজার ৯৮৯টি।
আইনমন্ত্রী আরও বলেন, গত এক বছরে অধস্তন আদালতে ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। বিচারিক অবকাঠামো সম্প্রসারণ, বিচারক ও জনবল বৃদ্ধি এবং নতুন আদালত প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়ন হলে মামলার জট কমবে এবং বিচারপ্রার্থীরা দ্রুত ন্যায়বিচার পাবেন।
#মামলারজট, #আদালত, #আইনমন্ত্রী, #বিচারব্যবস্থা, #সুপ্রিমকোর্ট, #ন্যায়বিচার































