সৈনিকদের সঙ্গে চা-আড্ডায় প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০২:২৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 53
কোনো পূর্বঘোষণা নয়, সরাসরি মহড়ার মাঠে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা বাঙ্কারে নেমে সৈনিকদের সঙ্গে কথা বলা, রেইড মহড়া দেখা, এমনকি মাঠে রান্না করা খাবার খেয়ে চা পান- সব মিলিয়ে ব্যতিক্রমী এক সফরে দিন কাটালেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এরপর প্রশিক্ষণ এলাকার বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে চলমান প্রশিক্ষণ ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন তিনি। একজন কমান্ডারের অপারেশনাল নির্দেশনাও মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি বাস্তবধর্মী রেইড মহড়া সরাসরি প্রত্যক্ষ করেন।
এরপর প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রের আদলে তৈরি বাঙ্কারে নেমে অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থান নেওয়া সেনাদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন।
সফরের এক পর্যায়ে সেনাসদস্যদের জন্য মাঠে তাৎক্ষণিকভাবে রান্না করা খাবারই গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে তাদের সঙ্গে বসে চা পানও করেন।
সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখার আহ্বান জানান।
তিনি আরও সন্তোষ প্রকাশ করেন যে, সেনানিবাসে ফিরে বাহিনী পূর্ণোদ্যমে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
































