চীনের সহায়তায় নরসিংদীতে হবে আধুনিক হাসপাতাল
- সর্বশেষ আপডেট ০৭:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 112
স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, “যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। চাকরিচ্যুত, বদলি বা ট্রান্সফারের রাজনীতিতে আমি বিশ্বাস করি না। সততার সঙ্গে কাজ করতে হবে। ঘুষ-দুর্নীতির কোনো প্রশ্রয় দেওয়া হবে না।”
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোর সেবাও আধুনিকায়ন করা হবে।
তিনি বলেন, “স্বাস্থ্য খাতে এ বছরই একটি বিপ্লবের সূচনা করতে চাই। জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একের পর এক নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে। আমাদের বাজেট শুধু টাকার নয়, এটি আদর্শের বাজেট। দুর্নীতিমুক্তভাবে প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”
নরসিংদী মেডিকেল কলেজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলতি বছরই ৫০ জন শিক্ষার্থী নিয়ে কলেজটির শিক্ষা কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে ক্লাস অনুষ্ঠিত হবে। আর নার্সিং ইনস্টিটিউটের ক্লাস স্থানান্তর করা হবে ২৫০ শয্যা জেলা হাসপাতালের নতুন ভবনে।
তিনি আরও জানান, মেডিকেল কলেজের জন্য স্থায়ী জায়গা নির্ধারণের কাজ চলছে। খুব শিগগিরই স্থান চূড়ান্ত করে ভবন নির্মাণ শুরু হবে। এছাড়া চীনের সহযোগিতায় দেশে নির্মাণাধীন ১৮টি আধুনিক হাসপাতালের একটি নরসিংদীতে স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যরা।






























