কার্গো হোলে মিলল ১৬০ স্বর্ণবার
- সর্বশেষ আপডেট ০২:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / 7
দুবাই থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আবারও মিলল বিপুল পরিমাণ সোনার চালান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে বিমানের কার্গো হোল থেকে উদ্ধার করা হয়েছে ১৬০টি স্বর্ণবার, যার মোট ওজন প্রায় ১৯ কেজি। এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে এই স্বর্ণবার জব্দ করা হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, কার্গো হোলে তল্লাশি চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগে থেকেই পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। তল্লাশির একপর্যায়ে কার্গো হোলের ভেতর থেকে বেরিয়ে আসে কোটি কোটি টাকার এই স্বর্ণবার।
তবে এত বিপুল পরিমাণ সোনা কারা, কীভাবে এবং কোন কৌশলে বিমানে তুলেছিল- সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি কোনো সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালান চক্রের কাজ কি না, সেই দিকটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে কার্গো হোলে স্বর্ণবারগুলো কীভাবে পৌঁছাল এবং এর সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।































