নরসিংদীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- সর্বশেষ আপডেট ০৭:৫১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 42
প্রলয়ঙ্করী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের পাশাপাশি চলতি মৌসুমে আউশ, আমন ও পাটের উৎপাদন বাড়াতে নরসিংদীর রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সরকারের কৃষি পুনর্বাসন সহায়তা ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় প্রলয়ঙ্করী ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ও আমন ধান, পাটসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এতে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং আবাদ সম্প্রসারণে উৎসাহ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সহায়তায় সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে আসছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি কৃষকদের বিতরণ করা বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বীজ, চারা ও রাসায়নিক সার তুলে দেন অতিথিরা। এ সময় উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি এ কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন, উৎপাদন ব্যয় কমানো এবং চলতি মৌসুমে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি। এ সহায়তার মাধ্যমে কৃষকেরা নতুন উদ্যমে কৃষিকাজে অংশ নিতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


































