ইফতেখার ইফতির ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

- সর্বশেষ আপডেট ০৯:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 319
বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই দর্শকদের জন্য নতুন একটি বিনোদনমূলক নাটক নিয়ে আসছে ‘দর্পন অরিজিনাল ড্রামা’। ফুটবলপ্রেমীদের পরিচিত আবেগ, সমর্থকদের মজার প্রতিদ্বন্দ্বিতা এবং পারিবারিক হাস্যরসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’।
নাটকের গল্পে দেখা যাবে, একটি পরিবারের জামাই ও শ্বশুর আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক। অন্যদিকে স্ত্রী ও শাশুড়ি ব্রাজিলের ভক্ত। প্রিয় দলকে ঘিরে দুই পক্ষের মধ্যে শুরু হয় তর্ক-বিতর্ক, খুনসুটি আর নানা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি। এরই মধ্যে পরিবারের কিছু গোপন সমর্থক পরিস্থিতিকে আরও জটিল ও মজাদার করে তোলে। একপর্যায়ে পারিবারিক এই মতভেদ রূপ নেয় জমজমাট এক ফুটবল যুদ্ধে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কামরুল তিহান, ডিম্পল আহমেদ, শাহিন মৃধা, সাহেলা আক্তার, ফারহান শাহরিয়ার ও সাবরিন মুলিমাসহ আরও অনেকে।
‘ফ্যান অব ব্রাজেন্টিনা’র রচনা ও চিত্রনাট্য করেছেন বিশ্বজিৎ কুরি জিতু। নাটকটির চিত্রগ্রহণ করেছেন সুজন মেহমুদ এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন আতিক রহমান। পরিচালনা করেছেন ইফতেখার ইফতি। প্রযোজক আব্দুস সালাম।
নির্মাতাদের প্রত্যাশা, বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের আবেগ, সমর্থকদের চিরচেনা দ্বন্দ্ব এবং পারিবারিক কমেডির সমন্বয়ে নাটকটি দর্শকদের জন্য হয়ে উঠবে বিশেষ আকর্ষণের একটি আয়োজন।
শিগগিরই ‘দর্পন অরিজিনাল ড্রামা’ চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।





































