বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই শ্রমিকের, ভোলায় দাফন
- সর্বশেষ আপডেট ১০:২৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / 11
বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুই শ্রমিকের মরদেহ শুক্রবার নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। তাদের মৃত্যুতে ভোলার দুই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুই শ্রমিকের মরদেহ শুক্রবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। দাফনের সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। দুই পরিবার ও এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।
নিহতরা হলেন চরকলমী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. সাকিব (২২) এবং আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কামরুল হাসান (৩৫)।
স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে বান্দরবান ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় পলেস্তারার কাজ করছিলেন তারা। এ সময় অ্যালুমিনিয়ামের একটি পাত্রে নির্মাণসামগ্রী ওপরে তোলার সময় সেটি পাশের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে পাত্রটি বিদ্যুতায়িত হয়ে গেলে সাকিব ও কামরুল গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে নিচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বান্দরবানের সিভিল সার্জন শাহীন হোসাইন চৌধুরী জানান, দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনাটি সামনে থেকে দেখে তাদের সহকর্মী মঈন উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সুমিত রায় বলেন, অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছিল কি না এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে।

































