‘যশোরের মুজিব বাহিনী’র প্রধান মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি আর নেই

- সর্বশেষ আপডেট ০৩:২৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / 161
বৃহত্তর যশোরের ‘মুজিব বাহিনী’র প্রধান ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি আর নেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভোগার পর শুক্রবার যশোর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহত্তর যশোরের ‘মুজিব বাহিনী’র প্রধান ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৬টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হার্ট, কিডনি, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, গত মে মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে যশোরে ফিরিয়ে আনা হয়। পরে আবার অসুস্থ হয়ে পড়লে গত সোমবার পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।
মুক্তিযোদ্ধা রবিউল আলম জানান, আলী হোসেন মনির স্ত্রী ও একমাত্র ছেলে আগেই মারা গেছেন। কানাডাপ্রবাসী একমাত্র মেয়ে ফারজানা আলী বাবার চিকিৎসার দেখভাল করছিলেন। শুক্রবার আসর নামাজের পর যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে সদর উপজেলার কাজীপুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মুক্তিযুদ্ধের ইতিহাসে আলী হোসেন মনি ছিলেন পরিচিত এক নাম। ষাটের দশকে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন এবং ছয় দফা ও ঊনসত্তরের গণআন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭১ সালে পরিবারের অজান্তে ভারতে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিয়ে বৃহত্তর যশোর অঞ্চলে মুক্তিযুদ্ধে অংশ নেন।
স্বাধীনতার পর তিনি জাসদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন এবং পরে জেলা পর্যায়ে দলটির নেতৃত্ব দেন। পরবর্তীতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন নির্বাচনে দলটির পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন।
তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
































