ঈদযাত্রায় যাত্রী ও মালিক-শ্রমিকদের ডিএমপির একগুচ্ছ কড়া নির্দেশনা

- সর্বশেষ আপডেট ০৩:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 211
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাস টার্মিনাল ও সড়কপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অতিরিক্ত ভাড়া আদায়, বেপরোয়া গাড়ি চালানো ও যাত্রী হয়রানির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। ডিএমপি বলছে, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ট্রাফিক বিভাগ ইতোমধ্যে বিশেষ প্রস্তুতি নিয়েছে।
বাস মালিক ও শ্রমিকদের সিডিউল মেনে গাড়ি চালানো, অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং একই সিট একাধিক যাত্রীর কাছে বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাসের ছাদে যাত্রী বহন, উল্টো পথে গাড়ি চালানো, অতিরিক্ত গতিতে যান চালানো এবং ক্লান্ত বা অসুস্থ অবস্থায় ড্রাইভিং থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির হালনাগাদ কাগজপত্র নিশ্চিত করার পাশাপাশি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মালিকদেরও একটানা পাঁচ ঘণ্টার বেশি চালক দিয়ে গাড়ি না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
যাত্রীদের নির্ধারিত কাউন্টার বা টার্মিনাল থেকে বাসে ওঠা, অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার এড়িয়ে চলা এবং নিজের মালামাল নিজ দায়িত্বে রাখার পরামর্শ দিয়েছে ডিএমপি। চলন্ত গাড়িতে ওঠানামা কিংবা পণ্য ও পশুবাহী যানবাহনে যাত্রী হিসেবে ভ্রমণ না করতেও সতর্ক করা হয়েছে।
এদিকে পথচারীদের ফুটওভারব্রিজ, আন্ডারপাস ও জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হওয়ার আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে নিকটস্থ পুলিশ কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
































