কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বললেন রুবিও
- সর্বশেষ আপডেট ১০:২২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / 14
কিউবাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে তিনি বলেছেন, হাভানার সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতার সম্ভাবনা খুব বেশি নয়। তবে কিউবা এ অভিযোগ প্রত্যাখ্যান করে ওয়াশিংটনের বিরুদ্ধে ‘মিথ্যাচার’ ও আগ্রাসনের উসকানির অভিযোগ তুলেছে।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো-এর বিরুদ্ধে ১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিত করে মার্কিন নাগরিক হত্যার অভিযোগ আনার একদিন পরই নতুন করে উত্তেজনা বাড়ল।
সুইডেনে ন্যাটো বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও। তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক সমাধান চাইলেও বর্তমান পরিস্থিতিতে তা বাস্তবায়নের সম্ভাবনা কম। একই সঙ্গে তিনি কিউবাকে লাতিন আমেরিকায় সন্ত্রাসে সহায়তাকারী অন্যতম রাষ্ট্র বলেও দাবি করেন।
এর জবাবে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ সামাজিক মাধ্যমে বলেন, কিউবা কখনোই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে সামরিক উত্তেজনা তৈরির চেষ্টা করছে।
অন্যদিকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে কিউবার পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। দেশটিতে বিদ্যুৎ বিভ্রাট ও খাদ্য সংকট বেড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। রুবিও দাবি করেন, কিউবা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ১০ কোটি ডলারের মানবিক সহায়তা গ্রহণ করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কিউবার কমিউনিস্ট সরকারের ওপর চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, আগের মার্কিন প্রশাসনগুলো কয়েক দশকেও যা করতে পারেনি, তার প্রশাসন সেটি করতে পারে।
এদিকে কিউবার অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণকারী সামরিক ঘনিষ্ঠ একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার বোনকে ফ্লোরিডা থেকে আটক করার কথাও জানিয়েছেন রুবিও। তার অভিযোগ, ওই নারী যুক্তরাষ্ট্রে বসবাস করেও হাভানার সরকারকে সহযোগিতা করছিলেন।

































