জাতীয় ঈদগাহে ঈদের জামাতের সূচি ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৯:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 16
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের সময় নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত।
জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তবে বৈরী আবহাওয়া দেখা দিলে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বুধবার (২০ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী।
তিনি জানান, সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ঈদুল আজহা উদযাপন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে।
আগামী ২৮ মে দেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ত্যাগের এই উৎসবে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায়ের পাশাপাশি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে থাকেন।
প্রধান জামাতের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
































