ইসরাইলের ফাঁদে না পড়তে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান
- সর্বশেষ আপডেট ০৯:১৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 25
ইসরায়েলের কৌশলগত ফাঁদে পা না দিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন সংঘাত শুরু হলে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের অবশিষ্ট বিশ্বাসযোগ্যতাও হারিয়ে যাবে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ভেলায়াতির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি এবং সেটিই ওয়াশিংটনের ভুল কৌশলগত হিসাবের ইঙ্গিত দিচ্ছে।
সম্প্রতি চীন সফরে ট্রাম্প প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। সেখানে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা, যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বৈঠকের পর ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের তেল কেনা চীনা কোম্পানিগুলোর ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের বিষয় বিবেচনায় রয়েছে। যদিও দীর্ঘদিন ধরেই তেহরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবরোধ বজায় রেখেছে যুক্তরাষ্ট্র।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বলেছে, এ ধরনের সংঘাতের কোনো যৌক্তিকতা নেই এবং এর অবসান হওয়া উচিত।
ভেলায়াতি আরও অভিযোগ করেন, সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফর এবং পেন্টাগনের তথ্য উপস্থাপন আঞ্চলিক সংকটকে আরও জটিল করে তুলছে।
তার ভাষায়, তেল আবিবের উসকানিতে নতুন হুমকি বা সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র বড় ধরনের কৌশলগত বিপর্যয়ের মুখে পড়তে পারে।
প্রসঙ্গত, প্রায় তিন মাস আগে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয়। টানা ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে আলোচনায় ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরানোর প্রস্তাব দিলেও তা নিয়ে কোনো সমঝোতা হয়নি।




































