হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান

- সর্বশেষ আপডেট ০৯:৫৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 253
হরমুজ প্রণালি দিয়ে কোন জাহাজ চলতে পারবে, সে বিষয়ে নতুন অবস্থান জানিয়েছে ইরান। তেহরান বলছে, যুদ্ধে জড়িত নয়—এমন জাহাজ চলাচল করতে পারবে, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের কোনো আস্থা নেই। ওয়াশিংটন সত্যিকার অর্থে আন্তরিক হলে তবেই আলোচনায় আগ্রহী হবে ইরান। আল আরাবিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরাগচি। তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে শুধু সেইসব জাহাজ চলাচল করতে পারবে, যেগুলো ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে জড়িত নয়। তবে চলাচলের আগে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। তার ভাষায়, এ নৌপথ ঘিরে পরিস্থিতি এখনো অত্যন্ত সংবেদনশীল ও জটিল।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে অধিকাংশ জাহাজ চলাচল সীমিত করে ইরান। অথচ বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।
গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্থায়ী শান্তিচুক্তি নিয়ে এখনো অচলাবস্থা কাটেনি। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা শুরু হলেও সাম্প্রতিক সময়ে তা থমকে গেছে। উভয় পক্ষই একে অপরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
আরাগচির দাবি, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরস্পরবিরোধী বার্তা আসায় তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দিহান ইরান। তবে পাকিস্তানের মধ্যস্থতা পুরোপুরি ভেঙে পড়েনি বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে তিনি জানান, কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি করতে ইরান যুদ্ধবিরতি বজায় রাখছে। তবে পরিস্থিতি প্রয়োজন হলে আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত তেহরান।
বিশ্লেষকদের মতে, দুই দেশের আলোচনায় প্রধান বাধা হয়ে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ প্রশ্ন।
এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান ইস্যুতে তার ধৈর্য ফুরিয়ে আসছে। চীনের প্রেসিডেন্ট–এর সঙ্গে আলোচনায় তিনি একমত হয়েছেন যে, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া উচিত।




































