ইউনূসের বিরুদ্ধে মামলাকারী ‘কেএনএফ এজেন্ট’: এক্স-ফোর্সেস

- সর্বশেষ আপডেট ০৩:১৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 167
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা নিয়ে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদনকারী উসাইমং মারমাকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এজেন্ট বলে দাবি করেছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
আরও পড়তে পারেন
একই সঙ্গে বিমানবাহিনীকে ঘিরে ‘অপপ্রচার ও ষড়যন্ত্র’ চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান সাইফ।
তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে করা মামলার আবেদনকারী উসাইমং মারমার পরিচয় ও পেছনের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা প্রয়োজন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “তার ব্যাকগ্রাউন্ড, কোথায় থাকে, কার সঙ্গে সম্পৃক্ত—এসব বিষয়ে অনুসন্ধান করুন।”
সাইফুল্লাহ খান দাবি করেন, পার্বত্য অঞ্চলে সক্রিয় কুকি-চিন সংশ্লিষ্ট একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে। তার ভাষ্য, সম্প্রতি বিদেশে আয়োজিত কিছু সম্মেলনেও বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিমানবাহিনীর আধুনিকায়ন, যুদ্ধবিমান ক্রয় ও প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ সামনে আসার পর থেকেই একটি মহল অপপ্রচারে সক্রিয় হয়ে উঠেছে। বিমানবাহিনীর সঙ্গে চরমপন্থা জড়ানোর চেষ্টাকেও ‘ষড়যন্ত্রের অংশ’ হিসেবে উল্লেখ করেন সংগঠনটির নেতারা।
বিমানবাহিনীর কিছু সদস্যকে উগ্রপন্থার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে নজরদারিতে রাখার বিষয়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গে সাইফুল্লাহ খান বলেন, এ বিষয়ে আইএসপিআরের আনুষ্ঠানিক বক্তব্য না থাকায় এসবকে গুজব হিসেবেই দেখা উচিত।
সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা উপদেষ্টা ও সাবেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ‘ভিত্তিহীন তথ্য’ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। এসব অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
উল্লেখ্য, গত ৭ মে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দেন আদালত।
২০২৫ সালের ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান এফ-৭ বিজিআই বিধ্বস্ত হলে ৩৫ জন নিহত হন। দুর্ঘটনায় আহত ও দগ্ধ হন আরও শতাধিক মানুষ। নিহতদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিমানটির পাইলটও ছিলেন।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965

































