রাজনৈতিক ছবি থাকলেই অপরাধের দায়মুক্তি নয়: প্রতিমন্ত্রী মীর হেলাল
- সর্বশেষ আপডেট ০৭:৪১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 25
আন্দোলন-সংগ্রামের সময়কার ছবি বা রাজনৈতিক সম্পৃক্ততা কোনোভাবেই অপরাধ করার বৈধতা হতে পারে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তার ভাষায়, অপরাধে জড়ালে রাজনৈতিক পরিচয় আর সুরক্ষা হিসেবে কাজ করবে না।
মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারীতে এক চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সহযাত্রী থাকা বা একসঙ্গে রাজপথে আন্দোলন করাই কাউকে দায়মুক্তি দিতে পারে না। কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে—এ বিষয়ে কোনো ছাড় থাকবে না।
দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার প্রসঙ্গে তিনি আরও কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তার মতে, কারও সঙ্গে ছবি থাকা, ঘনিষ্ঠভাবে চলাফেরা করা বা দলে কোনো পদে থাকা—এসব কিছুই অপরাধকে আড়াল করার যুক্তি হতে পারে না। অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দল ও অঙ্গসংগঠনের অংশ হিসেবে গণ্য করা হবে না।
এ সময় তিনি স্থানীয় উন্নয়ন কার্যক্রমের কথাও উল্লেখ করেন। সাত্তারঘাট এলাকায় অবৈধ ভবন নির্মাণ বন্ধ এবং কালভার্ট দখল করে নির্মাণ ইয়ার্ড গড়ে তোলার উদ্যোগ বন্ধ করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি দীর্ঘদিন অবহেলিত বাস টার্মিনাল সংস্কার ও সরকারি সম্পদ উদ্ধারের কাজ চলছে বলেও উল্লেখ করেন।
তার বক্তব্যে ইঙ্গিত ছিল, এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


































