মা দিবসে ‘টগুমগুর’ প্যারেন্টিং উৎসব
- সর্বশেষ আপডেট ০৭:৪২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / 7
শিশুদের প্রাথমিক বিকাশ ও ইতিবাচক প্যারেন্টিং নিয়ে অভিভাবকদের সচেতনতা বাড়াতে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশেষ আয়োজন। মা দিবসকে কেন্দ্র করে এই উদ্যোগে অংশ নিচ্ছেন বিশেষজ্ঞ, অভিভাবক ও শিশুরা।
শুক্রবার ( ৮ মে ) মা দিবস উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগুর দুই দিনব্যাপী বিশেষ আয়োজন। উত্তরার সেক্টর ১২-এর সোনারগাঁও জনপথ সড়কে টগুমগু প্যারেন্টিং হাবে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব।
পরিবারকেন্দ্রিক এ আয়োজনে শিশু ও অভিভাবকদের জন্য রাখা হয়েছে নানা ধরনের বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রম। দিনব্যাপী অনুষ্ঠানে রয়েছে পাপেট শো, ম্যাজিক পারফরম্যান্স, ইন্টারঅ্যাকটিভ স্টেজ গেম, ক্রাফটিং সেশন এবং শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।

উৎসবে অংশ নেওয়া অভিভাবকেরা জানান, এ ধরনের আয়োজন শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি পরিবার নিয়ে একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি করে।
টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন বলেন, “সন্তানদের লালন-পালনে মায়েদের অবদান অপরিসীম। তাঁদের এই অসাধারণ ত্যাগ ও ভালোবাসাকে সম্মান জানাতেই মা দিবস উপলক্ষে আমাদের এই উদ্যোগ।”
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শহুরে জীবনে ইতিবাচক প্যারেন্টিং চর্চা বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে পরিবারে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা এবং কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
আগামীকালও চলবে এ দুই দিনের উৎসব। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত এবং পরিবারসহ অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।



































