যে তিন মেগা প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে
- সর্বশেষ আপডেট ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 15
পদ্মা সেতু, কর্ণফুলী টানেল ও ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পে অনিয়মের অভিযোগে তদন্ত চলছে বলে সংসদে জানিয়েছেন সেতুমন্ত্রী।
জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের তিনটি বড় অবকাঠামো প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে। প্রকল্পগুলো হলো—পদ্মা বহুমুখী সেতু, কর্ণফুলী নদীর তলদেশে সড়ক টানেল এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
রোববার সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মন্ত্রী বলেন, এসব প্রকল্প সেতু বিভাগের অধীনে বাস্তবায়ন করা হয়েছে এবং সময়ের সঙ্গে ব্যয় একাধিক দফায় বাড়ানো হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকা, যা চার দফায় বৃদ্ধি পায়। কর্ণফুলী টানেল প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ৮ হাজার ৪৪৬ কোটি ৬৩ লাখ টাকা, যা দুই দফায় বাড়ানো হয়। আর ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পে প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ১৬ হাজার ৯০১ কোটি ৩২ লাখ টাকা, যা একবার সংশোধন করা হয়েছে।
তিনি জানান, প্রকল্পগুলোতে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। তদন্ত শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।































