সংসদ ভবনকে লোডশেডিং আওতায় আনার প্রস্তাব বিরোধী দলের
- সর্বশেষ আপডেট ১০:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / 9
বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনার সময় এক ব্যতিক্রমী প্রস্তাব সামনে আনেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সংসদ ভবনের ভেতর থেকেই সাশ্রয়ী ব্যবস্থার উদ্যোগ নেওয়ার কথা তিনি বলেন, যা নিয়ে অধিবেশনে মুহূর্তে ভিন্নমাত্রার আলোচনার সৃষ্টি হয়।
সংসদে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান ঘাটতির ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় দেশে বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে।
তার ভাষায়, চাহিদা ও সরবরাহের এই ব্যবধান সামাল দিতেই কিছুটা নিয়ন্ত্রিতভাবে বিদ্যুৎ বিভ্রাট চালু রাখতে হচ্ছে।
এই আলোচনার মধ্যেই বিরোধীদলীয় নেতা সংসদের ভেতরের পরিবেশকেও সাশ্রয়ী ব্যবস্থার আওতায় আনার পরামর্শ দেন।
পরে স্পিকারের হস্তক্ষেপে বিষয়টি স্পষ্ট করে তিনি জানান, তার বক্তব্য ছিল সংসদ অধিবেশন নয় বরং সংসদ ভবনের বিভিন্ন দপ্তরে বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ আনার বিষয়ে।
সরকারপক্ষ থেকে জানানো হয়, বর্তমান গরম ও চাহিদা বৃদ্ধির কারণে বিদ্যুৎ খাতে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি অতীত অব্যবস্থাপনার প্রভাবও এখনকার পরিস্থিতিকে জটিল করছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
অধিবেশনের এই আলোচনা ঘিরে বিদ্যুৎ সংকট, ব্যবস্থাপনা ও নীতিগত সিদ্ধান্ত নিয়ে সংসদে নতুন করে বিতর্ক তৈরি হয়।































