চাঁদপুরে ৯ জেলের কারাদণ্ড
- সর্বশেষ আপডেট ১২:৫৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / 35
জেলার পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১১ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করে জেলা কারাগারে প্রেরণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান রোববার (১৯ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেন।
মৎস্য কর্মকর্তা জানান, শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চাঁদপুর সদরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় সদরের আনন্দবাজার, দাসদী, সফরমালী, লালপুর ও গাজীর টেক এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে দুটি মাছ ধরার নৌকা এবং বড় ফাঁসের তিন হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের মধ্যে ৩ জনের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ৬ জনকে পনেরো দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে তিন হাজার টাকা জরিমানা করেন। পরে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।































