খাদ্য নিরাপত্তায় সমন্বয়ের আশ্বাস জাতিসংঘের

- সর্বশেষ আপডেট ০৯:২৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 108
খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকারের সঙ্গে আরও সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বুধবার ১৫ এপ্রিল জাতীয় সংসদ সচিবালয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেয় পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি।
আলোচনায় মন্ত্রী দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারী ও শিশু উন্নয়ন, এবং দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ এগিয়ে নিচ্ছে এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। এর অংশ হিসেবে পরিবারভিত্তিক সহায়তা কার্যক্রমে নারী প্রধানদের নামে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে উপকারভোগীদের ডাটাবেজ তৈরির কাজ চলছে এবং ধাপে ধাপে তা সারা দেশে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
ডব্লিউএফপির সঙ্গে দীর্ঘদিনের সহযোগিতার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, দুর্যোগ ও দারিদ্র্যপীড়িত মানুষের জন্য খাদ্য সহায়তা ও পুষ্টি কর্মসূচিতে সংস্থাটির ভূমিকা উল্লেখযোগ্য। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিনিধিদলের কান্ট্রি ডিরেক্টর সাইমন পার্চমেন্ট সরকারের সামাজিক সুরক্ষা ব্যবস্থা ও নারী-শিশু কল্যাণে নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উভয় পক্ষই ভবিষ্যতে যৌথ উদ্যোগ জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।
































