হরমুজে মার্কিন অবরোধ ভেঙে ৮ জাহাজ পার

- সর্বশেষ আপডেট ০৬:২২:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 243
ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ-অবরোধ কার্যকর হওয়ার প্রথম ২৪ ঘণ্টাতেই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে ওয়াশিংটন।
কড়া সতর্কতা, সামরিক নজরদারি এবং রণতরীর উপস্থিতি সত্ত্বেও অন্তত আটটি জাহাজ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে আন্তর্জাতিক শিপিং পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যে জানা গেছে।
পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এই অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র, যার লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি ও সামুদ্রিক বাণিজ্য সীমিত করা। তবে প্রথম দিনেই পরিস্থিতি প্রত্যাশিত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড সেন্টকম দাবি করেছিল, প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজই প্রণালি পার হতে পারেনি এবং কয়েকটি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এলএসইজি ও কেপলারের তথ্য সেই অবস্থানকে প্রশ্নের মুখে ফেলেছে।
অবরোধ অতিক্রম করা জাহাজগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে ‘রিচ স্টারি’। চীনা মালিকানাধীন এই ট্যাঙ্কারটি বিপুল পরিমাণ পণ্য বহন করে উপসাগর থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। একই সময়ে পানামার পতাকাবাহী ‘পিস গালফ’ সংযুক্ত আরব আমিরাতের পথে অগ্রসর হয়, আর মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত ‘মুরলী কিষাণ’ ইরাকমুখী যাত্রায় প্রণালি পার হয়।
বিশ্লেষকদের মতে, সংখ্যায় কম হলেও আটটি জাহাজের এই অগ্রগতি যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘নিশ্ছিদ্র অবরোধ’ কৌশলকে শুরুতেই চাপে ফেলেছে। বিশেষ করে চীন সংশ্লিষ্ট জাহাজগুলোর সক্রিয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে একই সময়ে আরেকটি ইরানি সুপারট্যাঙ্কারও প্রণালি পার হওয়ার খবর সামনে এসেছে, যা সামুদ্রিক এই উত্তেজনাকে আরও ঘনীভূত করেছে।































