আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী

- সর্বশেষ আপডেট ০৩:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 145
প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সশস্ত্র বাহিনীকে আধুনিক ও সময়োপযোগী শক্তিতে রূপান্তরের উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদে প্রশ্নোত্তরে তুলে ধরেছেন সরকারের পরিকল্পনা।
জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। পরিকল্পনা, প্রশিক্ষণ ও কাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে বাহিনীকে ধীরে ধীরে আধুনিক রূপে গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি।
সরকারের লক্ষ্য, সেনা, নৌ ও বিমানবাহিনীকে এমন পর্যায়ে নেওয়া—যেখানে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়। এ জন্য নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়ন, প্রতিরক্ষানীতির হালনাগাদ, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্র ও আকাশসীমা সুরক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন, শুধু প্রচলিত সামরিক শক্তিতে সীমাবদ্ধ না থেকে নতুন বাস্তবতায় সাইবার নিরাপত্তা, তথ্যযুদ্ধ, ড্রোন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রেও জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে জ্বালানি অবকাঠামো ও উপকূলীয় নিরাপত্তা রক্ষায় সমন্বিত প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিমানবাহিনীতে আধুনিক যুদ্ধবিমান সংযোজনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা ও সদস্যদের কল্যাণ নিশ্চিত করে একটি প্রযুক্তিনির্ভর ও আস্থাভিত্তিক বাহিনী গড়ে তোলার দিকেও নজর রয়েছে।
দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ উদ্যোগের আওতায় আত্মনির্ভরতা বাড়ানোর চেষ্টা চলছে। উন্নত অস্ত্র, নৌযান, সাবমেরিন ও নজরদারি প্রযুক্তি সংযোজনের প্রক্রিয়াও চলমান।






























