প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

- সর্বশেষ আপডেট ১০:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / 165
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম চালুর ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সরকার পর্যায়ক্রমে এই সুবিধা বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে।
সোমবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে ‘প্রাথমিক শিক্ষা সংস্কার: কৌশলগত পথনির্দেশনা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি। সংলাপটি আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রাথমিক শিক্ষার্থীদের বছরে একবার করে বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হবে। বর্তমান সরকারের মেয়াদে ধাপে ধাপে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে কিছু বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু হয়েছে এবং আগামী বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে এ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।
শিক্ষার মানোন্নয়নে ‘থ্রি-সি’—কারিকুলাম, ক্লাসরুম ও কনসিস্ট্যান্সির ওপর জোর দেন ববি হাজ্জাজ। তিনি বলেন, অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা বই থেকে সাবলীলভাবে পড়তে পারছে না, যা শিক্ষাক্রমের সীমাবদ্ধতার ইঙ্গিত দেয়। ফলে পাঠ্যবই ও ভাষা শিক্ষার্থীদের উপযোগী কি না, তা পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে তিনি বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন শুরু করেছেন এবং শিক্ষাক্রমকে যুগোপযোগী করতে তা পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।































