ছেঁড়া-ফাটা নোট গ্রহণ সব ব্যাংকে বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক

- সর্বশেষ আপডেট ১০:৪৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 201
দেশজুড়ে ছেঁড়া, ফাটা ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এসব নোট গ্রহণ ও বিনিময়কে বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ‘ক্লিন নোট পলিসি’ বাস্তবায়নে সব তফসিলি ব্যাংককে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, জনসাধারণের স্বাভাবিক নগদ লেনদেন নির্বিঘ্ন রাখতে দেশের সব ব্যাংক শাখায় নিয়মিতভাবে ছেঁড়া-ফাটা ও অচল নোট গ্রহণ করতে হবে এবং এর পরিবর্তে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ৫, ১০, ২০ ও ৫০ টাকার মতো ছোট মূল্যমানের নোট নিয়মিত গ্রহণ ও নির্ধারিত কাউন্টারের মাধ্যমে বিনিময় সেবা নিশ্চিত করতে হবে। তবে বাস্তবে অনেক এলাকায় এ ধরনের নোট গ্রহণে অনীহা ও গাফিলতির অভিযোগ থাকায় সাধারণ গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও সতর্ক করে বলেছে, নির্দেশনা থাকা সত্ত্বেও কোনো ব্যাংক শাখা যদি এসব নোট গ্রহণে অস্বীকৃতি জানায় বা সেবা প্রদানে গাফিলতি করে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশনায় বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সব তফসিলি ব্যাংককে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

































