লেবাননে গ্রামের পর গ্রাম ধ্বংস করেছে ইসরাইল

- সর্বশেষ আপডেট ১০:৩৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 143

, বৈরুতের তাল্লেত আল-খায়াত মহল্লায় একটি ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত এলাকায় উদ্ধারকর্মী ও বাসিন্দারা সমবেত হয়েছেন। (এএফপি), ২০২৬,৮ই এপ্রিল
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানে একাধিক সীমান্তবর্তী গ্রাম প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো। এতে বহু পরিবার বাস্তুচ্যুত হয়েছে এবং অঞ্চলজুড়ে উদ্বেগ বাড়ছে।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর এক অনুসন্ধানী প্রতিবেদনের বরাতে জানা যায়, তায়েবেহ, নাকুরা ও দেইর সিরিয়ানসহ কয়েকটি গ্রামে ব্যাপক বোমা হামলা ও নিয়ন্ত্রিত বিস্ফোরণ চালানো হয়েছে। এতে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে এলাকাগুলো কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী এসব স্থাপনাকে ‘হিজবুল্লাহর অবকাঠামো’ হিসেবে চিহ্নিত করে হামলা চালিয়েছে। তবে স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ক্ষতিগ্রস্ত স্থাপনার বড় অংশই ছিল সাধারণ মানুষের বসতঘর।
মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী উল্লেখ করে বলছে, পরিকল্পিতভাবে বেসামরিক আবাসস্থল ধ্বংসের প্রবণতা স্পষ্ট হচ্ছে। তারা এই ধরণের কর্মকাণ্ডকে “ডোমিসাইড” বলে আখ্যা দিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার ও হিজবুল্লাহকে প্রতিরোধ করতেই এসব অভিযান চালানো হচ্ছে। তবে বেসামরিক ক্ষয়ক্ষতি এবং গ্রাম ধ্বংসের বিষয়টি আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে।
স্থানীয়দের ভাষ্য, হামলার মুখে অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এতে শুধু বসতভিটাই নয়, জীবিকা ও প্রজন্মের স্মৃতিও হারিয়ে যাচ্ছে বলে তারা জানান।
বিশ্লেষকদের মতে, লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনা ক্রমেই বিস্তৃত হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।































