ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খান বাধ্যতামূলক ছুটিতে

- সর্বশেষ আপডেট ১০:২৩:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / 123
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক খানকে দেড় মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যাংক সূত্র জানায়, রোববার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়, যা আগামী সোমবার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হবে। সাধারণত এমডি পদে পরিবর্তন বা অপসারণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেওয়া হয়, তবে এবার সরাসরি নির্দেশনার ভিত্তিতেই তাকে ছুটিতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মো. ওমর ফারুক খান গত বছরের আগস্টে ব্যাংকটির এমডি হিসেবে দায়িত্ব নেন। তিনি ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগ দিয়ে দীর্ঘ কর্মজীবনে ট্রেজারি, বৈদেশিক বাণিজ্য এবং করপোরেট বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। প্রায় চার দশকের অভিজ্ঞ এই ব্যাংকার ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের ডিপ্লোমা অ্যাসোসিয়েট।
এদিকে, তার অনুপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. আলতাফ হোসেন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
































