সরকারি মজুত জ্বালানি কতদিন চলবে?

- সর্বশেষ আপডেট ০৪:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 118
দেশে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছে জ্বালানি বিভাগ। কর্মকর্তাদের দাবি, অন্তত আগামী দুই মাস পেট্রল ও অকটেনের ঘাটতি হওয়ার আশঙ্কা নেই।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সরকারি হিসাবে, দেশে এখন ১ লাখ ৪৩ হাজার মেট্রিক টন ডিজেল, প্রায় ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন অকটেন এবং ১৬ হাজার ৮১২ মেট্রিক টন পেট্রল মজুত আছে। এই মজুত দিয়েই সামনের সময় সামাল দেওয়া সম্ভব বলে মনে করছে বিভাগটি।
অবৈধ মজুত ঠেকাতে অভিযানও জোরদার করা হয়েছে। এ পর্যন্ত দেশজুড়ে কয়েক হাজার অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি উদ্ধার হয়েছে বলে জানানো হয়। তবে অতিরিক্ত কেনা ও মজুতের প্রবণতা না কমলে সমস্যা থেকে যেতে পারে বলেও সতর্ক করেন এই কর্মকর্তা।
ভর্তুকির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, জ্বালানি তেলে প্রতি মাসে বড় অঙ্কের অর্থ ব্যয় করছে সরকার। উদাহরণ হিসেবে ডিজেলের দাম উল্লেখ করে বলেন, প্রকৃত মূল্যের তুলনায় কম দামে বিক্রি করায় প্রতি লিটারে উল্লেখযোগ্য ভর্তুকি দিতে হচ্ছে।
এদিকে পরীক্ষামূলকভাবে কিছু ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাশ’ চালু হয়েছে বলে জানান তিনি। পর্যায়ক্রমে এটি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মনির হোসেন চৌধুরী বলেন, চলমান সংঘাতের প্রভাব দীর্ঘমেয়াদে অর্থনীতিতে পড়তে পারে। তবে জনগণের কথা বিবেচনা করে সরকার আপাতত জ্বালানির দাম বাড়ায়নি। ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকার অন্তত তিন মাসের জ্বালানি মজুত সক্ষমতা গড়ে তুলতে কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি এলপিজির দাম নিয়ে ভোক্তাদের অভিযোগ পর্যালোচনা করা হবে বলে আশ্বাস দেন।































