অগ্রগতি এবং ক্ষমতায়নের জন্য বিজ্ঞান: ডিয়েন কাইতা

- সর্বশেষ আপডেট ০৯:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 100
একটি স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়তে বিজ্ঞানের পাশে দাঁড়াচ্ছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), যা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। প্রমাণভিত্তিক উদ্ভাবন বৈশ্বিক স্বাস্থ্যখাতে সেবার প্রাপ্যতার ফারাক কমাচ্ছে এবং আরও বেশি মানুষের জন্য বিকল্প তৈরি করছে।
বিজ্ঞাননির্ভর উদ্ভাবন নারীর স্বাস্থ্য উন্নত করতে এবং আরও সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে বিশাল সম্ভাবনা বহন করে—বিশেষ করে দূরবর্তী ও সেবাবঞ্চিত এলাকায়। এসব উদ্ভাবন প্রকৃত সমস্যাগ্রস্ত মানুষের বাস্তব সমাধান প্রদানে কার্যকর।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ডিয়েন কাইতা সোমবার (৬ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এক বিবৃতিতে বলেন, অগ্রগতি ও ক্ষমতায়নের জন্য বিজ্ঞান উদ্ভাবনী মোবাইল রোগনির্ণয় ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা একক পরিদর্শনে নানা ধরনের স্বাস্থ্যসেবা দিতে পারছেন।
সহজে বহনযোগ্য আলট্রাসাউন্ড যন্ত্র ও জরায়ুমুখ ক্যান্সার স্ক্রীনিং প্রচলিত সেবা থেকে বঞ্চিত কমিউনিটিতে জীবন-রক্ষাকারী সেবা নিয়ে আসছে। ডিজিটাল প্ল্যাটফর্ম তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গোপনীয়, বিভ্রান্তি-মুক্ত তথ্য এবং সেবা পৌঁছে দিচ্ছে।
নিজে-প্রয়োগযোগ্য উদ্ভাবন—যেমন ইনজেকটেবল জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা—নারী, কিশোরী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিজের ওপর নিজের অধিকার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াচ্ছে। এগুলো কেবল সুবিধা নয়, বরং জীবনের জন্য অপরিহার্য।
ডিয়েন কাইতা বলেন, স্বাস্থ্যক্ষেত্রে বিজ্ঞান আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সম্ভাবনা তৈরি করেছে—তবুও অনেক নারী এখনও পিছিয়ে রয়েছেন। দশকের পর দশক ধরে গবেষণায় নারীর স্বাস্থ্যকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি।
মাত্র ৭ শতাংশ গবেষণা এমন রোগ নিয়ে, যা একমাত্র নারীদের প্রভাবিত করে। নারী কেন্দ্রিক অত্যাধুনিক উদ্ভাবনগুলি প্রায়শই ব্যয়বহুল বা সীমিত। এই বৈষম্য নারীদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিফলিত হয়।
নারীরা পুরুষদের তুলনায় ২৫ শতাংশ বেশি সময় অসুস্থতায় ভোগেন এবং প্রায় প্রতিটি স্বাস্থ্য সূচকেই পিছিয়ে রয়েছেন। প্রতি বছর আনুমানিক ২,৬০,০০০ মহিলা গর্ভাবস্থা ও প্রসবজনিত জটিলতায় মারা যান; এদের প্রায় সব মৃত্যুই প্রতিরোধযোগ্য।
সময়ের পরিক্রমায় দেখা গেছে, সবচেয়ে প্রান্তিক নারীদের জন্য স্বাস্থ্যসেবা প্রাপ্তির হার ধীর। বিশ্বের অর্ধেক জনসংখ্যার মধ্যে উপেক্ষিত স্বাস্থ্য সমস্যাগুলো ক্রমবর্ধমান হারে বাড়ছে, যা সমাজ এবং অর্থনীতির উপর বড় চাপ তৈরি করছে।
অন্যদিকে, নারীর স্বাস্থ্য সমস্যার বৈষম্য দূর করলে বৃহত্তর কর্মশক্তির অংশগ্রহণ, শিক্ষার সুযোগ ও আন্ত-প্রজন্মের সাফল্য অর্জনের মাধ্যমে ২০৪০ সালের মধ্যে প্রতি বছর অন্তত ১ ট্রিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব।
বিবৃতিতে আরও বলা হয়, এখন সময় এসেছে বৈজ্ঞানিক অগ্রগতিকে সামনে রেখে সবার জন্য উন্নত স্বাস্থ্য নিশ্চিত করতে ব্যবহার করার।
একই সঙ্গে প্রয়োজন শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থায় বিনিয়োগ, যাতে দক্ষ সরবরাহব্যবস্থা ও প্রশিক্ষিত জনবল দিয়ে উদ্ভাবনগুলোকে নিয়মিত সেবায় রূপান্তর করা যায়। সর্বোপরি, নারীরা কী চান ও কী প্রয়োজন—তার ভিত্তিতে সমাধানকে অগ্রাধিকার দেওয়া জরুরি।
প্রযুক্তিগত অগ্রগতি, বিশেষ করে স্বাস্থ্যখাতে, আমাদের জীবনকে নানা দিক থেকে বদলে দিয়েছে। জনসংখ্যাসহ অন্যান্য পরিবর্তনের মধ্যে বিশ্ব পরিবর্তিত হওয়ার সাথে সাথে, আসুন সকলের জন্য স্বাস্থ্য ও অগ্রগতির আহ্বানকে আরও জোরদার করি।
স্বাস্থ্য, সমতা ও অর্থনীতির যে দীর্ঘস্থায়ী বৈষম্যগুলো চিকিৎসা উদ্ভাবনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে বাধা দেয়, সেগুলো দূর করার এখনই সময়। সকলের জন্য একটি স্বাস্থ্যকর ভবিষ্যতের লক্ষ্যে, আজ নারী ও কন্যাশিশুদের স্বাস্থ্যে বিনিয়োগই হোক আমাদের প্রথম পদক্ষেপ।
































