সংসদ না করলেও গণভোটের রায় বাস্তবায়ন করবেন জামায়াত আমির

- সর্বশেষ আপডেট ০৮:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 117
গণভোটের রায় মানা না হলেও তা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার ভাষ্য, ৭০ শতাংশ মানুষ “হ্যাঁ”-এর পক্ষে মত দিয়েছে— এটিই জনসমর্থনের স্পষ্ট ইঙ্গিত।
সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, “আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে ছিলাম, আছি, থাকব।”
শফিকুর রহমান প্রশ্ন তোলেন, যারা ক্ষমতায় রয়েছে তারা জনগণের ভোটের দাবি করে— কিন্তু তার প্রমাণ কোথায়? তার মতে, গণভোটের ফলাফলই প্রকৃত জনমতের প্রতিফলন।
তিনি বলেন, দীর্ঘ ৫৪ বছরে নানা পর্যায়ে ফ্যাসিবাদ দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। তবে ‘চব্বিশের বিপ্লবীরা’ সেই ধারা প্রতিহত করেছে বলে মন্তব্য করেন তিনি।
তার ভাষায়, নতুন প্রজন্ম জেগে উঠলে দীর্ঘ আন্দোলনের প্রয়োজন পড়ে না; তাদের দৃঢ় অবস্থানই ফ্যাসিবাদী শক্তির জন্য চাপ তৈরি করে। এই অবস্থান এখনও অব্যাহত রয়েছে এবং বিরোধী দলও তাদের পাশে আছে বলে দাবি করেন তিনি।
গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়েই দেশে আবার ফ্যাসিবাদের সূচনা হয়েছে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেন, এই ধারা আর এগোতে দেওয়া হবে না।































