ভারতের কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

- সর্বশেষ আপডেট ০৪:১২:২২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 156
পাকিস্তান ফের ভারতের ওপর রাজনৈতিক চাপ তৈরি করছে। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের হুঁশিয়ারি সরাসরি কলকাতার দিকে মোড় নিয়েছে।
তিনি বলেছেন, ভবিষ্যতে দিল্লি যদি কোনো “দুঃসাহসিক” পদক্ষেপ নেবে, তার জবাব কলকাতার হামলার মাধ্যমে দেওয়া হতে পারে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক কঠোর সতর্কবার্তার প্রেক্ষাপটেই এই মন্তব্য এসেছে।
আসিফ এক সংবাদমাধ্যমে বলেন, “ভারত যদি এবার কোনো ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করে, আমরা সেটিকে কলকাতা পর্যন্ত নিয়ে যাব।”
তিনি আরও দাবি করেন, এমন কোনো অভিযানে নিজেদের লোক বা আটক পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করা হতে পারে, যাতে তা পরে সন্ত্রাসী হামলার দায় চাপানোর জন্য ব্যবহৃত হয়।
এই হুঁশিয়ারি আসে ২০২৫ সালের ২২ এপ্রিল সংঘটিত পাহেলগাম হামলার বার্ষিকীর কাছাকাছি সময়ে। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিল। পাকিস্তান এই হামলার প্রসঙ্গ বারবার তুলছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে।
খাজা আসিফ একইসাথে বলেছিলেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের কোনো সুযোগ নেই। তবে পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ হলেও, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তারা সম্পূর্ণ প্রস্তুত। যেকোনো পদক্ষেপের জবাব হবে দ্রুত, পরিকল্পিত ও দৃঢ়।
এরই মধ্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কেরালায় এক অনুষ্ঠানে হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান যদি কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তার জবাব হবে নজিরবিহীন ও কঠোর। তিনি উল্লেখ করেন, পাহেলগাম হামলার পর ভারতের সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে। ‘অপারেশন সিনদুর’-এর মাধ্যমে মাত্র ২২ মিনিটে পাকিস্তানকে চাপের মধ্যে ফেলা হয়েছিল।
রাজনাথ সিং আরও বলেন, “অভিযান এখনও শেষ হয়নি। পাকিস্তান যদি আবার এমন নোংরা কাজ করে, আমাদের সশস্ত্র বাহিনী এমন জবাব দেবে যা তারা কখনো ভুলবে না।” ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, অপারেশনে অন্তত নয়টি সন্ত্রাসী শিবির ধ্বংস হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।
পরবর্তীতে ১০ মে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও, দুই দেশের বক্তব্য দেখিয়ে দেয়, উত্তেজনা এখনও স্থায়ী শান্তিতে রূপান্তরিত হয়নি। কলকাতার উপর পাকিস্তানের সরাসরি হুঁশিয়ারি রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার নতুন মোড় নির্দেশ করছে।































