৯টার মধ্যে সরকারি অফিসে বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

- সর্বশেষ আপডেট ০৩:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 151
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে সরকার।
সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতি বাড়ানো এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যেই এ সিদ্ধান্ত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে অফিস কক্ষে উপস্থিতি নিশ্চিত করা, পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দায়িত্বশীল আচরণ জরুরি—যদিও বাস্তবে এর ব্যত্যয় লক্ষ্য করা যাচ্ছে।
শৃঙ্খলা ও জবাবদিহিতা ফেরাতে মার্চের ২ ও ৫ তারিখের স্মারকের নির্দেশনা পুনরায় কঠোরভাবে মানার তাগিদ দেওয়া হয়েছে। বলা হয়েছে, সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে কোনো মিটিং বা দাপ্তরিক কর্মসূচি রাখা যাবে না।
এছাড়া জ্বালানি সাশ্রয়ে দিনের আলো থাকলে বৈদ্যুতিক বাতি কম ব্যবহার, দরজা-জানালা খুলে প্রাকৃতিক আলো কাজে লাগানো এবং প্রয়োজন অনুযায়ী লাইট, ফ্যান, এসি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার কথাও বলা হয়েছে।
অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। করিডোর, সিঁড়ি, ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখতে হবে। অফিস শেষে লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এসি সম্পূর্ণ বন্ধ নিশ্চিত করতে বলা হয়েছে।
বিশেষ নির্দেশনা ছাড়া সব ধরনের আলোকসজ্জা এড়িয়ে চলা এবং জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার নির্দেশ রয়েছে। পাশাপাশি অফিসের কক্ষ, করিডোর, টয়লেট ও সিঁড়ি নিয়মিত পরিষ্কার রাখার কথাও বলা হয়েছে।
এসব নির্দেশনার বাস্তবায়ন ও তদারকিতে সব দপ্তর, সংস্থা ও কার্যালয়ে দ্রুত ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

































