যুদ্ধবিরতি প্রস্তাব পাওয়ার দাবি ট্রাম্পের

- সর্বশেষ আপডেট ০৮:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 121
ইরান যুদ্ধ নিয়ে নরম সুরে নয়, বরং শর্ত জুড়ে স্পষ্ট বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছেন, তেহরান যুদ্ধবিরতি চেয়েছে—তবে হরমুজ প্রণালি খুলে না দিলে সে প্রস্তাবে সাড়া দেবে না ওয়াশিংটন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার অবস্থান একেবারে শর্তসাপেক্ষ—পারস্য উপসাগরের হরমুজ প্রণালি নৌ-চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত না হলে সেই প্রস্তাব বিবেচনায় আসবে না।
ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ট্রাম্প ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই সেখান থেকে সরে আসতে পারে। যদিও একই সঙ্গে ভবিষ্যতে সীমিত, লক্ষ্যভিত্তিক হামলার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি।
বুধবার (১ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র খুব দ্রুতই ইরান থেকে বেরিয়ে যাবে।’ এই মন্তব্য আসে জাতির উদ্দেশে তার নির্ধারিত ভাষণের কয়েক ঘণ্টা আগে। সেই ভাষণে ন্যাটো জোট থেকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রত্যাহার নিয়েও কথা বলতে পারেন বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে দাবি করেন, ‘ইরানের প্রেসিডেন্ট এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন!’ তবে এ দাবির পক্ষে তাৎক্ষণিকভাবে ইরান বা অন্য কোনো স্বাধীন সূত্র থেকে নিশ্চিত তথ্য মেলেনি।
যুদ্ধবিরতির প্রসঙ্গে ট্রাম্পের ভাষা ছিল আরও কড়া। তিনি বলেন, হরমুজ প্রণালি সবার জন্য ‘উন্মুক্ত, অবাধ ও বাধাহীন’ না হওয়া পর্যন্ত আলোচনা এগোবে না। তার আগে প্রয়োজনে ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়ার হুমকিও দেন তিনি—যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।
































