স্মার্ট নবায়নযোগ্য বিদ্যুৎ নিশ্চিতে ৩২.৮ বিলিয়ন ডলারের রোডম্যাপ

- সর্বশেষ আপডেট ১০:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / 218
বাংলাদেশ ২০৪০ সালের মধ্যে “শূন্য কৃষি জমি” ব্যবহারভিত্তিক প্রাক্কলনের মাধ্যমে ৩২.৮২ বিলিয়ন ডলারের বিকেন্দ্রেীকৃত নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগে জ্বালানি সার্বভৌমত্ব অর্জন করে বিশ্ববাজারের মূল্যের অস্থিরতা থেকে অর্থনীতির সুরক্ষা প্রদানের রোডম্যাপ প্রদান করা হয়েছে। যেহেতু গতানুগতিক বৈদেশিক অনুদানের অবদান আশঙ্কাজনক হারে কমছে, তাই অনুদানের প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ, মিশ্র অর্থায়ন এবং বাজার-ভিত্তিক অর্থায়নের মাধ্যমে কমিউনিটিনির্ভর জ্বালানি নিশ্চিতে অগ্রাধিকার প্রদান করতে হবে।
সোমবার (৩০ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘চেঞ্জ ইনিশিয়েটিভ’ থিঙ্ক-অ্যান্ড-ডু ট্যাঙ্ক আয়োজিত “নির্ভরশীলতা থেকে সার্বভৌমত্ব: ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগ রোডম্যাপ” শীর্ষক গোলটেবিল আলোচনায় গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
গবেষণার মাধ্যমে আমদানিনির্ভর জ্বালানি খাতের পদ্ধতিগত চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে ২০২৬ থেকে ২০৪০ সালের মধ্যে কমপক্ষে ৪০% বেসরকারি বিনিয়োগের মাধ্যমে করপোরেট ও বিকেন্দ্রেীকৃত নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে বিনিয়োগ কাঠামো উপস্থাপন করা হয়। উল্লেখ্য, এ গবেষণায় ২০৪০ সালের মধ্যে জ্বালানির চাহিদা তিনগুণ বেড়ে ৩১৬,৫০০ গিগাওয়াট ঘণ্টা (GWh) হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। গবেষণায় সতর্ক করা হয়েছে যে, নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা সময়মতো বাড়াতে ব্যর্থ হলে তা সমৃদ্ধ অর্থনীতি গঠনের সুযোগ নস্যাৎ হতে পারে। বাংলাদেশে প্রচলিত “কমান্ড অ্যান্ড কন্ট্রোল” জ্বালানি মডেলটি তার আর্থিক এবং কারিগরি সক্ষমতার শেষ সীমায় পৌঁছেছে।
এই গবেষণার প্রধান গবেষক ছিলেন চেইঞ্জ ইনিশিয়েটিভ-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. জাকির হোসেন খান এবং সহ-গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এম. মোফাজ্জল হোসেন, সামিরা বাশার রোজা ও কাজী কারিনা আরিফ।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক (যুগ্ম সচিব) দিদারুল আলম মন্তব্য করেন, “আমদানিকৃত গ্যাস ও কয়লার ওপর আমাদের নির্ভরতা আমাদের বৈশ্বিক বিপর্যয়ের মুখে ফেলে দিচ্ছে। প্রকৃত জ্বালানি সার্বভৌমত্বের জন্য কেবল নীতির চেয়ে বেশি কিছু প্রয়োজন; এটি দেশীয় সম্পদ সংগ্রহ এবং মাল্টি-বায়ার মার্কেটের দিকে একটি পূর্ণ পরিবর্তনের দাবি রাখে। এই রূপান্তর ছাড়া বাংলাদেশ টেকসই পরিবর্তনের সুস্পষ্ট সুযোগ থাকা সত্ত্বেও পরনির্ভরশীলতার চক্রে আটকে থাকবে।”
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক জাহাঙ্গীর আলম মোল্লাহ বলেন, “জ্বালানি সার্বভৌমত্বের পথে বাংলাদেশের যাত্রা আর কোনো সম্ভাবনা নয়, এটি এখন একটি জরুরি অনিবার্যতা। সৌর ও বায়ুবিদ্যুতে যে গতি সঞ্চার হয়েছে, তা বজায় রাখতে আমাদের ফোকাস এখন কাগুজে লক্ষ্যমাত্রা থেকে বাস্তবায়নের দিকে সরাতে হবে। আমরা প্রতিবন্ধকতা দূর করতে এবং মাঠ পর্যায়ে সক্ষমতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু আলম বলেন, “০.৭৩% খেলাপি হারের মাধ্যমে আমাদের সবুজ অর্থায়নের ভিত্তি অত্যন্ত সুদৃঢ়। লক্ষ্যমাত্রা থেকে ৩,৫০০ মেগাওয়াটের বাস্তব সক্ষমতায় পৌঁছাতে আমাদের এখন কাঠামোগত এবং অর্থায়নের সীমাবদ্ধতাগুলো দূর করতে হবে যা আমাদের পরিধিকে সীমিত করে। সোলার সেচ একটি প্রমাণিত সুযোগ যা এখন বড় আকারে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।”
ইডকল এর নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোর্শেদ বলেন: “নবায়নযোগ্য জ্বালানি এখন একটি বাণিজ্যিক নিশ্চয়তা, তবুও বিশাল এবং অব্যবহৃত সুযোগের তুলনায় সামগ্রিক বিনিয়োগ এখনও অনেক কম। আমাদের সামনের পথে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং মুদ্রার ঝুঁকি কমাতে দেশীয় পুঁজি বাজারকে কাজে লাগানো প্রয়োজন। বেসরকারি খাতের অংশগ্রহণ এবং বাজার-ভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্ব দিয়ে আমরা নীতিগত লক্ষ্যমাত্রা থেকে দেশব্যাপী একটি সম্প্রসারিত জ্বালানি বাস্তবতায় পৌঁছাতে পারি।”




































