তালেবানের অভিযোগ প্রত্যাখ্যান ইসলামাবাদের
কাবুলে পাকিস্তানি হামলায় ৪০০ জন নিহত

- সর্বশেষ আপডেট ১১:২৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 222
আফগানিস্তান অভিযোগ করেছে, পাকিস্তানের সামরিক বাহিনী রাজধানী কাবুলে মাদকাসক্তদের চিকিৎসা প্রদানকারী একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। তবে পাকিস্তান এই দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। খবর-আল জাজিরা
পাকিস্তান কাবুলের এই দাবিকে ‘মিথ্যা এবং জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা’ বলে প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, গতকাল সোমবার তারা কেবল কাবুল এবং নানগারহার প্রদেশের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
আফগানিস্তানের তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাতের তথ্যমতে, কাবুলের ‘ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতাল’-এ হামলাটি স্থানীয় সময় রাত ৯টার দিকে ঘটে। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, ২ হাজার শয্যার হাসপাতালটির বড় একটি অংশই পাকিস্তানি হামলায় ধ্বংস হয়ে গেছে।
তিনি আরও যোগ করেন, ‘দুর্ভাগ্যবশত, নিহতের সংখ্যা এ পর্যন্ত ৪০০-এ পৌঁছেছে, এবং প্রায় ২৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকারী দলগুলো বর্তমানে ঘটনাস্থলে রয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার এবং ভিকটিমদের দেহ উদ্ধারের কাজ করছে।’
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন যে কাবুলে কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানিয়েছে, এই হামলাগুলো ‘সুনির্দিষ্টভাবে সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের সহায়তাকারী অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে, যার মধ্যে কাবুল ও নানগারহারে আফগান তালিবান এবং আফগানিস্তানভিত্তিক পাকিস্তানি যোদ্ধাদের কারিগরি সরঞ্জাম ও গোলাবারুদ মজুত করার স্থান অন্তর্ভুক্ত ছিল।’































