জিডিপি তিনগুণ বাড়ার উপায় বললেন সিইসি

- সর্বশেষ আপডেট ০৪:১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 204
দেশের নারীদের গৃহস্থালি কাজকে অর্থনৈতিক হিসেবে অন্তর্ভুক্ত করা হলে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি কয়েকগুণ বাড়তে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
তার মতে, ঘরের ভেতরে নারীরা যে বিপুল শ্রম দেন, সেটি এখনো জাতীয় অর্থনীতির আনুষ্ঠানিক হিসাবের বাইরে রয়ে গেছে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি জানান, রান্না, সন্তানের দেখাশোনা, পরিবারের সার্বিক ব্যবস্থাপনা—এসব কাজের কোনো আর্থিক মূল্য জাতীয় হিসাবে ধরা হয় না। অথচ এগুলোকে অর্থমূল্যে হিসাব করা হলে দেশের জিডিপি বর্তমানের তুলনায় প্রায় তিনগুণ পর্যন্ত হতে পারত।
সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনে দায়িত্ব পালনে নারী কর্মকর্তাদের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
নির্বাচন নিয়ে কিছু অনিয়মের অভিযোগ এলেও তদন্তে দেখা গেছে অভিযুক্তরা সবাই পুরুষ প্রিজাইডিং কর্মকর্তা। এখন পর্যন্ত কোনো নারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
ভোটার তালিকায় নারীদের অন্তর্ভুক্তির ক্ষেত্রেও অগ্রগতির কথা তুলে ধরেন সিইসি।
তিনি জানান, আগে নারী ও পুরুষ ভোটারের মধ্যে প্রায় ৩০ লাখের ব্যবধান ছিল। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে তালিকা হালনাগাদ করায় সেই ব্যবধান এখন কমে প্রায় ১০ লাখে নেমে এসেছে।
দেশের অর্থনীতিতে নারীদের অবদান উল্লেখ করে তিনি বলেন, প্রবাসী আয়ের পাশাপাশি তৈরি পোশাক শিল্পেও নারীদের শ্রম বাংলাদেশের অর্থনীতিকে শক্ত ভিত্তি দিয়েছে। তাই জাতীয় উন্নয়নে নারীদের ভূমিকা আরও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি।































