নারীদের শিক্ষা হবে অবৈতনিক: জুবাইদা রহমান

- সর্বশেষ আপডেট ০৭:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 173
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, সরকার নারীদের শিক্ষাকে অবৈতনিক করার পদক্ষেপ নেবে।
রোববার নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ যাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জুবাইদা রহমান বলেন, যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতি এগিয়ে যায়। কন্যাশিশুর অধিকার বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত রাখাই মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে নারী নেতৃত্ব ভবিষ্যত দেশের রূপ নির্ধারণ করবে।
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনও বলেন, বাংলাদেশে প্রথম নারী বিষয়ক অধিদফতর এবং আনসার ভিডিপিতে নারীদের অন্তর্ভুক্তি জিয়াউর রহমান করেছেন। নারীদের জন্য প্রথম কোটা ২০ শতাংশ ধার্য করেছিলেন, যার ফলে আজ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ৬২ শতাংশ নারী।
মন্ত্রী বলেন, অধিকার সবার। বিগত সরকারের সময় স্বৈরাচার ও অধিকারহীনতার অভিজ্ঞতা থেকে শেখা প্রয়োজন। সভ্য সমাজে নারীর অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব, যাতে আলাদা করে কথা বলার প্রয়োজন না পড়ে।

































