ছয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সৌদি আরবের
- সর্বশেষ আপডেট ১১:১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 235
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। তারা জানায়, এর সঙ্গে প্রতিহত করা হয়েছে বেশ কিছু ড্রোনও। এর মধ্যে দুটি ড্রোন উত্তর-পূর্বাঞ্চলীয় শহর হাফার আল-বাতিনে শনাক্ত করা হয়।
তবে এসব ক্ষেপণাস্ত্র বা ড্রোন কোথা থেকে ছোড়া হয়েছে, সে বিষয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে।
এদিকে ইরানের রাজধানী তেহরানে একটি ব্যাংক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন কর্মচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।
জানা যায়, হামলাটি তেহরানের একটি ব্যাংক ভবনকে লক্ষ্য করে চালানো হয়। এতে ব্যাংকের একজন কর্মচারীর মৃত্যু হয়েছে এবং ভবনটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে, তেহরান শহরের কেন্দ্রস্থলে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইরান জানিয়েছে, ১১ দিন আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী দেশটির প্রায় ১০ হাজার বেসামরিক স্থানে বোমা হামলা চালিয়েছে এবং এক হাজার ৩০০ জনেরও বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে।





























