এনআইডি-তে আসছে বড় পরিবর্তন

- সর্বশেষ আপডেট ১০:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / 129
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ব্যবস্থা আরও স্বচ্ছ ও সহজ করতে বড় পরিবর্তনের পথে যাচ্ছে নির্বাচন কমিশন। নতুন নিয়মে নিবন্ধন ফরমে যুক্ত হচ্ছে ডাক নামের ঘর। অর্থাৎ এখন থেকে ভোটার নিবন্ধনের সময় সরকারি নামের পাশাপাশি ডাক নামও উল্লেখ করতে হবে। এর উদ্দেশ্য- নাম সংশোধন সংক্রান্ত জটিলতা কমানো।
অনেক সময় দেখা যায়, এনআইডিতে থাকা নাম ও ব্যবহারিক নামের অমিলের কারণে সংশোধনের আবেদন করতে হয়। ডাক নাম যুক্ত হলে এই সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছে নির্বাচন কমিশন।
শুধু তাই নয়, ফরমে আরও একটি নতুন ঘর যুক্ত করা হবে সুপারিশকারী ব্যক্তির তথ্য। আবেদনকারী যে এলাকার বাসিন্দা, সেই এলাকার সম্মানিত একজন ব্যক্তিকে সুপারিশ করতে হবে, যিনি আবেদনকারীকে ব্যক্তিগতভাবে চেনেন। এর মাধ্যমে ভুয়া তথ্য দিয়ে ভোটার হওয়ার ঝুঁকি কমবে এবং রোহিঙ্গা বা বিদেশিদের ভোটার হওয়ার সুযোগ কমে যাবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, সংসদ নির্বাচনের আগেই এই পরিবর্তন আনার পরিকল্পনা ছিল। তবে নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ায় তা স্থগিত রাখা হয়। এখন আবার কাজ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন নিয়ম কার্যকর হলে এনআইডি নিবন্ধন প্রক্রিয়া হবে আরও স্বচ্ছ।
এদিকে ১৬ ও ১৭ বছর বয়সীদের জন্যও সুখবর আছে। আগে এই বয়সীদের স্মার্ট কার্ড দেওয়া হতো না। তবে এখন থেকে চাহিদার ভিত্তিতে স্মার্ট কার্ড দেওয়া হবে। অনেক সময় বিদেশে যেতে বা বিভিন্ন সেবা পেতে স্মার্ট কার্ড প্রয়োজন হয়- সেই বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত।
জাতীয় পরিচয়পত্র সংশোধনের দীর্ঘদিনের জটিলতা দূর করতেও কাজ করছে নির্বাচন কমিশন। প্রায় ১২ লাখ সংশোধন আবেদনের মধ্যে অধিকাংশ নিষ্পত্তি করা হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি সেবা সহজ করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে- যেমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য যাচাইয়ের পদ্ধতি, চুক্তি নবায়ন এবং তথ্য ফাঁস রোধে কঠোর নজরদারি।
নির্বাচন কমিশন বলছে, এনআইডি সেবা আরও জনবান্ধব ও নিরাপদ করতে আইনি ও প্রশাসনিক পরিবর্তন আনা হচ্ছে। ভবিষ্যতে সেবা পাওয়া হবে আরও সহজ এবং দ্রুত।



































