নেপাল ‘জেন জি’রা সরকার গঠনের পথে

- সর্বশেষ আপডেট ০৭:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / 207
নেপালের নির্বাচনে প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছে তরুণ প্রজন্মের সমর্থিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। গত বছরের সেপ্টেম্বরের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দলটি এখন সরকার গঠনের পথে রয়েছে।
কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক ভোট গণনায় দেশব্যাপী ৯৬টি আসনে এগিয়ে রয়েছে আরএসপি। অনানুষ্ঠানিকভাবে তারা ইতিমধ্যেই এক আসনে জয় নিশ্চিত করেছে। রাজধানী কাঠমান্ডুর মেয়র ও দলটির আলোচিত প্রার্থী বালেন শাহ নিজ আসনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন।
প্রধান রাজনৈতিক দল নেপালি কংগ্রেস ১২টি আসনে এগিয়ে আছে এবং এক আসনে জয় পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন–ইউএমএল) ৯টি আসনে এগিয়ে। এছাড়া নেপালি কমিউনিস্ট পার্টির প্রার্থীরা আরও ৯টি আসনে এগিয়ে রয়েছে। রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি ও শ্রম সংস্কৃতি পার্টি এক একটি আসনে এগিয়ে আছে।
গত বছরের সেপ্টেম্বরের জেন-জি আন্দোলনের পর ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরে সুশীল কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং তাদের অধীনে অনুষ্ঠিত হচ্ছে চলমান নির্বাচন।
ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট পদ্ধতিতে ১৬৫টি আসনের জন্য মোট ৬৭টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ঝাপা-৫ আসনে আরএসপি প্রার্থী ৫ হাজার ২৫৪ ভোট পেয়ে এগিয়ে আছেন, যেখানে সিপিএন–ইউএমএল চেয়ারম্যান কেপি শর্মা ওলি পেয়েছেন মাত্র ১ হাজার ২৪৮ ভোট। রুকুম পূর্ব-১ আসনে সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল ৪ হাজার ৩৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুসুম দেবি থাপা পেয়েছেন ১ হাজার ২৬১ ভোট।
প্রাথমিক ফলাফলের এই ধারা অব্যাহত থাকলে নেপালের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং গণঅভ্যুত্থান থেকে উঠে আসা শক্তিগুলোই নতুন সরকার গঠনে প্রধান ভূমিকা রাখতে পারে।



































